নোয়াখালীতে সৎ ছেলের পেট্রোলের আগুনে মা নিহত, দগ্ধ ৪ 

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:১৫

পারিবারিক কলহের জের ধরে সৎ মা আসমা বেগমের( ৪২) গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করেছে ছেলে কামাল উদ্দিন। অগ্নিসংযোগকারী কামাল উদ্দিনও( ৩৫) গুরুত্বর আহত হন।  এ ঘটনায় আরো  তিনজন অগ্নিদগ্ধ  হন। সোমবার সকাল  ১০টার দিকে জেলার সদর  উপজেলার কালাদোরাপ ইউনিয়নের রাম হরিতালুক গ্রামে এ ঘটনা ঘটে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ ঘটনা নিশ্চিত করে জানান, ইসমাইল হোসেন বাবুলের প্রথম স্ত্রী মারা যান। পরে তিনি আসমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সাথে  তার প্রথম স্ত্রীর ছেলে-মেয়েদের বনিবনা না হওয়ায় কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। গতকাল ইসমাইলের বড় ছেলে কামাল উদ্দিন বাড়িতে আসলে তার সৎ মা আসমা বেগমের সাথে ঝগড়া বাধে। এক পর্যায়ে কামাল তার সৎ মাকে লক্ষ্য করে  ঘরের একটি কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। এ সময় কামাল ও তার সৎ মা এবং কক্ষে থাকা প্রতিবেশী তারেক (৩০), সুমন(২৫) ও মান্না(২৭) দগ্ধ হন। তাদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে গুরুত্বর আহত আসমা বেগম, কামাল উদ্দিন ও তারেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। সন্ধ্যার পর আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে মার যান।

তিনি আরো জানান, অগ্নিসংযোগকারী কামালের শ্যালক শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায়  কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.ফরিদ উদ্দিন জানান, আসমা বেগমের শরীরের ৯৯ভাগ পুড়ে গেছে। তার অবস্থা  ছিল আশংকা জনক।  অন্যদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে  গেলেও তারা অনেকটা আশংকা মুক্ত।

ইত্তেফাক/এমআর