নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৪৪

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে দাবি করে অতিদ্রুত মামলা প্রত্যাহারের দাবি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করেন তারা। এ সময় মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কিছু কুচক্রী মহল মিলে ষড়যন্ত্র করে একটি এডিটেড অডিও নিক্সন চৌধুরীর নামে চালিয়ে দিয়েছে। সাধারণ মানুষ কুচক্রীদের অপপ্রচারে বিভ্রান্ত হতে শুরু করেছে। এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে হবে।

তারা বলেন, ‘সারা দেশে যখন নিক্সন চৌধুরীর জনপ্রিয়তা তুঙ্গে, তখন তাকে জনসম্মুখে হেয় করার জন্য এ ধরনের কাজ করা হচ্ছে? ভবিষ্যতেও এসব মানুষের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’ এ সময় বক্তারা তার (নিক্সন চৌধুরী) বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার না করা হলে সারা দেশে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দেন।  ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও নৌকার প্রার্থীকে সমর্থন জানান নিক্সন চৌধুরী। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন বাতিলও চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনে নিক্সন চৌধুরীর সমর্থনে নৌকা মার্কা জয়ী হয়। নির্বাচনের দিন রাতেই নিক্সন চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগের প্রার্থীকে ভোটে হারানোর জন্য এবং বালু ব্যবসায়ী বিএনপির প্রার্থীকে জেতানোর জন্য ফরিদপুর প্রশাসন নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ করেছে। এরপরই অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় একটি অডিও ক্লিপ। ১৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী জানান, এই অডিও ক্লিপ সুপার এডিট করা। তিনি অডিও ক্লিপের কথাগুলো বলেননি। বরং তার বিরুদ্ধে সক্রিয় ব্যক্তিরা এটি তৈরি করেছে।