মধ্যবর্তী নির্বাচনের সুযোগ নেই :কাদের

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৪৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে; কিন্তু বিএনপি জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে পারে না, এটাই তাদের মূল ব্যর্থতা। গতকাল সোমবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে। কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে জানিয়ে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো অগণতান্ত্রিক পথ বেছে নেবেন না।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ওবায়দুল কাদের বলেন, উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি হরতালের ডাক দিয়েছে। জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে; কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।