স্থানীয় সরকারের দুই শতাধিক স্থানে ভোট আজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৫০

করোনা প্রকোপের মধ্যেই আজ মঙ্গলবার স্থানীয় সরকারের দুই শতাধিক প্রতিষ্ঠানে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন রয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে শুধু জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এদিকে নির্বাচন কমিশন এ সব নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে কমিশন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছে ইসি। ব্যালটের পাশাপাশি কিছু এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। তবে ইতিমধ্যে কিছু এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু জানিয়েছেন, মঙ্গলবার দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ, আটটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন হবে।

ইসির সংশ্লিষ্টরা বলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন এবং নওগাঁর মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ও দিনাজপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদসহ আট উপজেলায় উপনির্বাচন হবে।

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্কুরিণী, হরিদেবপুর, চন্দনপাট। ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ। পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভঙ্গুড়া, মণ্ডতোষ। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা কোরকান্দি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর। চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপিতে ভোট হবে আজ। মৃত্যুজনিত কারণে ১৭৭ ইউনিয়ন পরিষদের শূন্য পদে আজ উপনির্বাচন হবে। এরমধ্যে কোথাও চেয়ারম্যান, কোথাও সাধারণ ওয়ার্ড আবার কোথাও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়েছে। তারমধ্যে ৪১টি ইউপিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।  আজ সাত জেলা পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন হবে। এরমধ্যে মৌলভীবাজারে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। সাত জেলা পরিষদ হলো—ফরিদপুরের তিন নম্বর ওয়ার্ডে, হবিগঞ্জের ১০ নম্বর, রাজবাড়ীর ২ নম্বর, সাতক্ষীরার ৯ নম্বর, সিলেটের ৩ নম্বর, টাঙ্গাইলে ১৫ নম্বর ওয়ার্ড।

চট্টগ্রামের ছয় উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপনির্বাচন আজ।

সংশ্লিষ্টরা জানান, ১১ ইউনিয়নের নির্বাচনে মোট ২৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১১৮ জন সাধারণ সদস্য এবং ৩৭ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মিরসরাই উপজেলার মিঠানালাসহ চার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ঐসব ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।