সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৫০

ইত্তেফাক রিপোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল সোমবার দেশের তিন পার্বত্য জেলা ছাড়া সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে।

এবার সারা দেশে সাড়ে ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। সোমবার রাত ১২টার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মঙ্গলবার চারটি জাতীয় দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, নতুন করে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (পিইডিপি-৪) আওতায় প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে রাজস্ব খাতে ৬ হাজার ৯৪৭ জন নিয়োগ দিতে এ বিজ্ঞপ্তি দেওয়া হলো।

এবার প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনকারী নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) বা সমমান ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়সসীমা ২০ অক্টোবর তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে হবে। http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪-এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই বছরমেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হওয়ায় নতুন করে এই শিক্ষক নিয়োগ করা হচ্ছে।