মুকসুদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৫২

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সামচু শেখ। এ সময় ছেলে মিঠুন শেখ গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখ পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত্ একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ সি স্কুল সংলগ্ন মজিবরের বাসায় ভাড়া থাকত। গতকাল ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন এবং ছেলে মিঠুন শেখকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।