ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১২ নভেম্বর তাকে মামলার কেস ডকেট (সিডি) নিয়ে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন।
গত ১০ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মামলার এজাহারে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। এই মামলার আসামি কাজলকে গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করে বিজিবি। সেখান থেকে ঢাকায় এনে গত ২৩ জুন কাজলকে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। ঐদিন জামিন চাইলে আদালত না-মঞ্জুর করে। এরপর গত ২৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত কাজলের জামিন আবেদন নাকচ করে দেয়। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
