ছাগল চোর সন্দেহে ছমু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত ছমু সিংগাইর পৌরসভা আজিমপুর গ্রামের মৃত হুকুম আলীর ছেলে। নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তার জানান, পার্শ্ববর্তী মৃত সিকিম আলীর ছেলে মো. জিন্নাহর একটি ছাগল চুরি হলে তিনি তার স্বামীকে সন্দেহ করেন। এক পর্যায় গত বৃহস্পতিবার বিকালে তার স্বামীকে ডেকে নিয়ে জিন্নাহ ও তার লোকজন ছাগল চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রবিবার উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। ভিকটিমের স্বজনদের দাবি, ছমুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।
