ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্কে থাকছে ‘মিউট’ বাটন

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৩:১৬

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে থাকছে মিউট বাটনের ব্যবস্থা। এর ফলে একজন প্রার্থী অপর প্রার্থীর কথার মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না। স্থানীয় সময় সোমবার এমনটি জানিয়েছে বিতর্কের আয়োজকরা। 

গত ২৯ সেপ্টেম্বর প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প এবং বাইডেন। বিশেষজ্ঞদের মতে, মার্কিন ইতিহাসে এত উত্তপ্ত বিতর্ক খুঁজে পাওয়া মুশকিল। অভিযোগ, সেই বিতর্কে ট্রাম্প একাধিকবার বাইডেনকে থামিয়ে দিয়ে নিজের কথা বলার চেষ্টা করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক বিষয়ে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন বাইডেন। ২৯ সেপ্টেম্বরের ঐ  বিতর্কের পরিপ্রেক্ষিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিতর্কে ১৫ মিনিট করে এক একটি সেগমেন্ট ভাগ করা হয়। একদম শুরুতে দুই বক্তাই দুই মিনিট করে বলার সুযোগ পান। গত বিতর্কে একদম প্রথম থেকেই দুই বক্তা দুইজনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। মিউট সুইচ সে জন্যই নিয়ে আসা হচ্ছে। কেউ কাউকে থামানোর চেষ্টা করলেই মিউট সুইচ ব্যবহার করে বাধাদানকারীকে চুপ করিয়ে দেওয়া হবে।

আগামী বৃহস্পতিবার মার্কিন নির্বাচনের আগে শেষ বিতর্কে মুখোমুখি হবেন ট্রাম্প এবং বাইডেন। এদিকে শেষ বিতর্কের বিষয়কে ঘিরেও উত্তাপ ছড়াতে শুরু করেছে। ট্রাম্পের বক্তব্য, যে বিষয়গুলো বিতর্কের জন্য নির্বাচন করা হয়েছে, তা পক্ষপাতমূলক। দেশের বিদেশনীতি বিতর্কে সেভাবে গুরুত্বই পাচ্ছে না। বাইডেন শিবিরের বক্তব্য, করোনা নিয়ে কথা বলতে চাইছেন না ট্রাম্প। কারণ, বলতে গেলেই নিজের ব্যর্থতা স্পষ্ট হয়ে যাবে।

ইত্তেফাক/এআর