ধর্ষকদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
আজ মঙ্গলবার রাজধানীর শিশু একাডেমির সভাকক্ষ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের চারটি বিভাগের বত্রিশ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এদেশ থেকে ধর্ষকদের মুলোৎপাটন হবে’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে ধর্ষণ প্রতিরোধে দেশে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং স্বল্পসময়ের মধ্যে ধর্ষণের বিচারের রায় শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিকৃত মস্তিস্ক, কাণ্ডজ্ঞানহীন বিবেক বর্জিত ও মানসিক বিকারগ্রস্তরাই ধর্ষণকারী। ধর্ষকদের সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার থেকে ধিক্কার, বর্জন এবং বিতাড়িত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কাজী রওশন আক্তার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও যুগ্মসচিব মো. মুহিবুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকল্প পরিচালক। বাসস
ইত্তেফাক/কেকে
