স্পোর্টস ডেস্ক
লিভারপুলের লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারের, আর বায়ার্ন মিউনিখের জন্যে সেটা শিরোপা ধরে রাখার। তবে দুই দলেরই লড়াইয়ের শুরুটা করতে হচ্ছে কঠিন প্রতিপক্ষ দিয়ে। প্রথম ম্যাচ দিবসের দ্বিতীয় দিনে লিভারপুল লড়বে এক মৌসুম আগের সেমিফাইনালিস্ট আয়াক্সের বিপক্ষে।
আর বায়ার্ন মিউনিখ খেলবে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। একই দিনে রিয়াল মাদ্রিদ আর ম্যানসিটিও যাত্রা শুরু করবে চলতি চ্যাম্পিয়ন্স লিগে।
শেষ দুই মৌসুমে লিভারপুল যে প্রতাপে এগিয়ে চলেছে ঘরোয়া ফুটবল ও চ্যাম্পিয়ন্স লিগে, তাতে আয়াক্স নিয়ে অতো দুশ্চিন্তায় পড়ার কোনো কারণই ছিল না। তবুও কোচ য়ুর্গেন ক্লপের দুশ্চিন্তার কারণ, নিজেদের ক্ষয়িষ্ণু ফরম আর ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের চোট। টানা দুই মৌসুম অবিশ্বাস্য পারফরম্যান্সের পর চলতি মৌসুমে ক্লপের দল যেন কিছুটা ফ্যাকাসে। দুদিন আগেই অ্যাস্টন ভিলার কাছে হজম করেছে সাত গোল, এরপর নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনের সঙ্গে করেছে ড্র।
এভারটন ম্যাচে ড্রয়ের চেয়েও ক্লপের দলের বড় ক্ষতিটা হয়েছে ফন ডাইককে হারিয়ে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে বড় সময়ের জন্যে ছিটকে গেছেন তিনি। ফলে এ মৌসুমে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভঙ্গুর লিভারপুল রক্ষণ আরো বেশি নড়বড়ে হয়েছে তাতে। ওদিকে আয়াক্স শেষ ম্যাচেই পেয়েছে বড় জয়। ফলে ডাচ্ ক্লাবটির মাঠে খেলাটি চোখ রাঙানিই দিচ্ছে মোহামেদ সালাহদের।
তবে কোচ ক্লপ অবশ্য আয়াক্সের মুখোমুখি হয়ে বেশ রোমাঞ্চিত, ‘দেড়-দুই বছর আগে দলটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে। টটেনহ্যামের কারণে আমরা তাদের মুখোমুখি হইনি। এবার হচ্ছি, তাই ম্যাচটার আগে রোমাঞ্চিত আমি।’
এদিকে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের। নিজেদের শেষ চার ম্যাচে অ্যাটলেটিকো দুটো জয় পেলেও হারেনি কোনো ম্যাচেই। অন্যদিকে বায়ার্নের আছে হফেনহেইমের কাছে ৪-১ ব্যবধানে হারের দুঃস্মৃতি। এছাড়াও গেলো মৌসুমে ট্রেবল জয়ের পর দলবদলে তেমন ব্যস্ততা দেখায়নি দলটি, ফলে বেশ কিছু অপূর্ণতা থেকেই গেছে দলে। তবে রিয়াল মাদ্রিদ দলবদলে বায়ার্নের চেয়েও নিষ্ক্রিয় ছিল দলবদলে। সে কারণে আজ অবশ্য অতো বড় পরীক্ষায় পড়তে হচ্ছে না জিনেদিন জিদানের শিষ্যদের। নিজেদের মাঠে তারা আতিথ্য দেবে শাখটারকে।
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিও খেলবে নিজেদের মাঠে। মুখোমুখি হবে শেষ কয়েক মৌসুমে নিয়মিত প্রতিপক্ষ পোর্তোর।
আজকের খেলা
সালজবুর্গ : লোকোমোটিভ মস্কো
রিয়াল মাদ্রিদ : শাখটার ডনেটস্ক
বায়ার্ন মিউনিখ : অ্যাটলেটিকো মাদ্রিদ
ইন্টার মিলান : বরুসিয়া মুনশেনগ্লাডবাখ
ম্যান সিটি : পোর্তো
অলিম্পিয়াকোস : মার্শেই
আয়াক্স : লিভারপুল
মিডজিল্যান্ড : আটালান্টা
