মেয়েদের আইপিএল ভালো কিছুর আশায় যাচ্ছেন সালমারা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২০:৫৭

স্পোর্টস রিপোর্টার

মেয়েদের আইপিএল ডাক নামের উইমেন্স টি-টোয়েন্টি লিগে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই জন ক্রিকেটার—সালমা খাতুন ও জাহানারা আলম। আজ দুই জন রওনা দিচ্ছেন আরব আমিরাতের উদ্দেশ্যে। যাওয়ার আগে দুই জনই গতকাল বলেছেন, তারা ভালো কিছু করে আসতে চান এই আসরে।

গত বছরের মতো এবারও ভেলোসিটি দলের হয়ে খেলবেন জাহানারা। সালমার দল ট্রেইলব্লেজার্স। আইপিএলের মেয়েদের সংস্করণ হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতে চায় ভারত। টুর্নামেন্টের এটি তৃতীয় আসর। আগামী ৪ থেকে ৯ নভেম্বর এবারের টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে।

সালমা বলেছেন, এই টুর্নামেন্ট সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছেন তারা, ‘আমি খুলনায় বসে খবর পেয়েছি। ওখানেই অনুশীলন করেছি। পরে ঢাকায় এসেও বিসিবি ভালো সুযোগ করে দিয়েছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’জাহানারাও ভালো প্রস্তুতির কথা বললেন। তিনি বললেন, আগেরবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরো ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরতে চান, ‘আমার ভালো লাগছে যে, আবার ভেলোসিটিতে খেলতে পারছি। আগেরবারের অভিজ্ঞতাটা কাজে লাগবে। ওখানে অনেক বড় বড় তারকা খেলেন। তাদের কাছ থেকে কিছু শিখেও আসার আছে।’