প্রথম কোভিড-১৯ বদলি

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২০:৫৮

অকল্যান্ডের অখ্যাত পেসার বেন লিস্টারের নাম লেখা হয়ে গেল ইতিহাসের পাতায়। কারণ, ক্রিকেটে তিনিই প্রথম কোভিড-১৯ বদলি হিসেবে গতকাল মঙ্গলবার ম্যাচ খেলতে নামলেন। নিউজিল্যান্ডের প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে দলটির হয়ে খেলার কথা ছিল হংকং বংশোদ্ভূত ২৭ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের। কিন্তু গেল সোমবার হঠাত্ করেই অসুস্থ বোধ করেন মার্ক চ্যাপম্যান। তার করোনা ভাইরাসের পরীক্ষা করানো হয়। তবে, ফলাফল হাতে না আসায় গতকালকের ম্যাচের জন্য চ্যাপম্যানের বদলে বদলি হিসেবে বেন লিস্টারকে নেওয়া হয়। ওটাগোর বিপক্ষে ম্যাচে ২৪ বছর বয়সি লিস্টার প্রথম ইনিংসে একটি উইকেট নেন। ওটাগো ৫৩.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়।