যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে অবশ্যই চীন থেকে পণ্য আমদানি কমাতে হবে পম্পেও

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০০

g রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, নিজেদের নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে অবশ্যই চীন থেকে পণ্য আমদানি কমিয়ে আনতে হবে। সেজন্য তিনি দুই দেশের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক আরো প্রসারিত করার তাগিদ দেন। সোমবার এক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ কথা বলেন।

পম্পেও এ সময় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, বর্তমান করোনাকালীন অবস্থা থেকে উত্তরণে এর চেয়ে অন্য কোনো বিকল্প পথ নেই। কেননা বর্তমানে আমাদের মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য ব্যাবসায়িক অংশীদারিত্ব আরো মজবুত করতে হবে। পম্পেও বলেন, এ লক্ষ্যে আমাদের দুই দেশের মধ্যে ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটাতে হবে। কী কী ঝুঁকি আছে তা বের করে সমাধানের পথ বের করতে হবে। আর ধীরে ধীরে চীনের ওপর থেকে বাণিজ্যিকনির্ভরতা কমিয়ে আনতে হবে। পম্পেও বলেন, দুই দেশের মানুষকে এ জন্য একসঙ্গে কাজ করে যেতে হবে। আর সেটা করতে পারলেই আমরা আমাদের আরো উন্নত ও আরো সুরক্ষিত করতে পারব। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এখন বেশি করে ব্রাজিলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবিলায়ই এই পথ বেছে নেওয়া হয়েছে।

ব্রাজিলের দক্ষিণপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সে ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইলেও এক্ষেত্রে তার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ ব্যাবসায়িক ক্ষেত্রে তাদের রয়েছে চীনের ওপর নির্ভরতা। তাই চীন থেকে তাদের সরে আসতে হলে ব্রাজিলকে অবশ্যই সেই শূন্যতা পূরণ করতে হবে। অবশ্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, যুক্তরাষ্ট্র যে অনৈক্যের বীজ বপন করছে তা কোনোভাবেই কাম্য নয়।