বাঁশের খুঁটিতেই ২০ বছর পার!

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০৫

বগুড়ার আদমদীঘিতে পিডিবি ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটিতে বিদ্যুত্ সরবরাহ করে চলেছে। এ সংযোগ স্থাপনের কিছুদিন পর পর বাঁশের খুঁটি পরিবর্তনের কথা থাকলেও ২০ বছরেও তা করা হয়নি। ফলে সংযোগ এলাকার বাসিন্দারা ঝুঁকির মধ্যে বসবাস করছেন। উপজেলার সান্তাহার পিডিবির বিদ্যুত্ বিক্রয় ও বিতরণ বিভাগের (নেসকো) আওতাধীন নসরতপুর ইউপির ডুমরীগ্রাম নাপিতপাড়ায় বিদ্যুতের সংযোগ লাইনে এই বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। বৈদ্যুতিক খাম্বা থেকে নাপিতপাড়ার দূরত্ব আধা কিলোমিটার। নেসকো এ পথে ও পাড়ার ভেতর নিজস্ব সংযোগ লাইন স্থাপন করেনি। ফলে ঐ পাড়ার গ্রাহকরা বৈদ্যুতিক খাম্বা থেকে নিজস্ব বৈদ্যুতিক তার ও বাঁশের খুঁটির মাধ্যমে বাড়ি বাড়ি ও সেচপাম্পে বিদ্যুত্ ব্যবহার করছেন ২০ বছর ধরে। এতে নাপিতপাড়ার পাঁচ শতাধিক মানুষ ঝুঁকির মধ্যে আছেন। গ্রাহকরা বসতবাড়ি ওপর দিয়ে, স্কুলমাঠ, পুকুরপাড় ও পাড়ার অলিগলিতে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুত্ সংযোগ নিয়েছেন। ঝড়বৃষ্টিতে বাঁশ ভেঙে তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে। নানা কারণে বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়া এখানে প্রতিদিনের ঘটনা। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। স্থানীয় বিদ্যুত্ গ্রাহকদের পক্ষ থেকে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানিয়েও কোনো লাভ হয়নি। পরিশেষে, এ ব্যাপারে আশু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া