দক্ষিণাঞ্চলের বৃহত্তম এবং ৬০ বছরের পুরানো ১৫ কপাট বিশিষ্ট স্লুইজগেটটি সংস্কারের অভাবে দিন দিন হুমকির মুখে পড়ছে। একসময় পর্যটকদের পদচারণায় মুখরিত জায়গাটি রক্ষণাবেক্ষণের অভাবে আজ শ্রীহীন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া-পানপট্টি খালের বাঁধের ওপর নির্মিত বোয়ালিয়া ১৫ কপাটের স্লুইজগেট। যা আগুনমুখা নদীর সঙ্গে সরাসরি যুক্ত এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর অবস্থিত। এর মাধ্যমে সদর, পানপট্টি ও রতনদী-তালতলী ইউনিয়নে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হয়ে থাকে। সিডর, আইলা ও আমপানের মতো নানা দুর্যোগে পাশের রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। তাই স্লুইজগেটটির কপাটগুলো ভেঙে হেলে পড়েছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তাই অতিদ্রুত এর সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা, পটুয়াখালী
