এই করোনাকালে চিকিত্সক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা যেভাবে করোনা পরিষেবা দিয়ে চলেছেন—তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। অনেকে আক্রান্ত হচ্ছেন, প্রাণও দিচ্ছেন। এমন অবস্থার মধ্যেই এসে যাচ্ছে শীত। উত্তরবঙ্গে শীত পড়া শুরুও করেছে। শীতের মৌসুমে করোনার বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। রাস্তাঘাটে যা দেখছি বা শুনছি তাতে আমরা শঙ্কিত। রাস্তায় মাস্ক পরা লোকের সংখ্যা হাতেগোনা। আমরা মাস্ক পরব—সতর্কতার মধ্যে চলব। কিন্তু তা কোথায়? আমরা নিজেরা যদি করোনা থেকে রক্ষা পেতে প্রশাসন বা বিশেষজ্ঞদের পরামর্শ না মানি তাহলে করোনামুক্তি কী করে ঘটবে! শুধু লড়াই করে যাবেন চিকিত্সকরা, আমাদের দায়িত্ব নেই? শীত আসছে, সুরক্ষাবিধি লঙ্ঘন করে শীতের সময় আমরা বিপর্যয়ের দিকে না যাই—মাস্ক যেন পরি আর দূরত্ব বজায় রেখে চলি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
