ইত্তেফাক রিপোর্ট
কোস্ট গার্ড সন্দ্বীপের ১০ নটিক্যাল মাইল দূরে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি আগুনে পুড়ে যাওয়া জাহাজ থেকে ১৪ ক্রুকে উদ্ধার করেছে। গত সোমবার গভীর রাতে কোস্ট গার্ডের শ্যামলা বাংলা জাহাজের মাধ্যমে তাদের উদ্ধার করে।
কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে ২ হাজার টন গম বোঝাইকৃত লাইটার জাহাজ এম ভি কারিনা-১ নোঙর থাকা অবস্থায় জাহাজটি ছিদ্র হয়ে যায়। এতে জাহাজে পানি ঢুকে এর ইঞ্জিন রুমে আগুন লাগে।
খবর পেয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ডের শ্যামলা বাংলা জাহাজটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৪ ক্রুকে উদ্ধার করে। তাদেরকে প্রথমে প্রাথমিক চিকিত্সা শেষে পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে উদ্ধার করা ক্রুদের জাহাজের মালিক মোহাম্মদ করিম বেপারির কাছে হস্তান্তর করে।
