রাজধানীতে হিযবুত তাহরীর এক সদস্য গ্রেফতার

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি) ইউনিট। তার নাম সাদ মোহাম্মদ কামরান (৩০)। তিনি রাজধানীর একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত রবিবার রাতে রাজধানীর পল্টন থানার কালভার্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক, মেমোরি কার্ড, আব্দুল কাদিম জাল্লুম রচিত খিলাফতসংক্রান্ত বইসহ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়। গতকাল গণমাধ্যমে পাঠানো ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ মোহাম্মদ কামরান সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে খিলাফত রাষ্ট্রের নীতিসমূহ বাস্তবায়নের জন্য প্রধান সংগঠক হিসেবে একটি সম্মেলনের আয়োজন করে। সেখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয়। একই সঙ্গে তিনি একটি গোপন সেল প্রতিষ্ঠা করে তথাকথিত ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য হিযবুত তাহরীর পক্ষে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য ও অনলাইন সম্মেলনের লিংক প্রচার করেছেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।