চলাচলে ভোগান্তি
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
এলজিইডির আওতাধীন নওগাঁর রাণীনগর-কালীগঞ্জ-আত্রাই সড়কটির অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। আর এসব গর্তে পড়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চলাচলের এটিই একমাত্র সড়ক হওয়ায় কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষদের বছরের পর বছর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষকরা তাদের উত্পাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে দীর্ঘদিন। সরেজমিনে দেখা যায়, প্রেমতলী থেকে বনমালীকুড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কটির মধ্যে প্রায় শতাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে বনমালীকুড়ি থেকে আত্রাই যাওয়ার প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়কের অধিকাংশ অংশেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শড়িয়া গ্রামের শফিকুর, হালিমসহ অনেকেই বলেন, বছরের পর বছর কোনো সংস্কার কিংবা মেরামত না করায় সড়কটি বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকার কারণে বোঝা যায় না যে, কোনটি সড়ক আর কোনটি গর্ত। যোগাযোগ ব্যবস্থা ভালো নয় বলে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে অন্য এলাকার মানুষরা তাদের ছেলেমেয়েদের বিয়ে দিতে চায় না। একদালা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ জানান, সড়কটি সংস্কারের জন্য যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন তা ইউপি কার্যালয় থেকে দেওয়া সম্ভব না। এ বিষয়ে একাধিকবার সড়ক সংশ্লিষ্ট কার্যালয়ে জানানো হয়েছে। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, সড়কটির সংস্কারের জন্য অনুমোদন পাওয়া গেছে। দ্রুতই দরপত্র আহ্বান করা হবে। বরাদ্দ পেলেই আগামী মাস থেকে এই সড়কটি সংস্কারের কাজ শুরু করা হবে।
