নারী কর্মচারীকে উত্ত্যক্তের প্রতিবাদে রেলকর্মচারীদের মানববন্ধন

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৪৮

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে রেলওয়ে প্রকৌশলী বিভাগের এক নারী কর্মচারীকে লাঞ্ছিত ও উত্ত্যক্ত করার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রেলবিভাগের কর্মচারীরা। মঙ্গলবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে গফরগাঁও রেলওয়ে শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন রেলওয়ে প্রকৌশল বিভাগের ওয়েম্যান কালাম, মো. বাবুল হোসেন, সনি আক্তার পুতুল, সাহিদা আক্তার, গেইট কিপার বেলাল হোসেন, মো. নুরুন্নবী, টাইম কিপার রাসেল মিয়া, কর্মজীবী নারী মল্লিকা বেগম প্রমুখ।

এ ব্যাপারে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরু জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধামাইল এলাকায় রেললাইনের ওভারহেলিংয়ের কাজ করার সময় কতিপয় ব্যক্তি এক নারী ওয়েম্যানকে আটকে রেখে মারধর করে।