শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগর উপজেলায় নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরাতে আবারও ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। গত সোমবার ভোরে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে মিজানুর রহমানের বাড়ি হতে রশিদ মোড়লের দোকান পর্যন্ত সাড়ে ৩০০ ফুট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ কপোতাক্ষ নদীতে বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করা না হলে সমগ্র গাবুরা ইউনিয়ন তলিয়ে যাবে। সংশ্লিষ্ট ১৫ নম্বর পোল্ডারের পাউবো সেকশন অফিসার (এসও) সাজ্জাদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙন মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
