মা-ইলিশ ধরায় জেল-জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫২

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জের পদ্মা নদীতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে ২৬ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য। ভেদরগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ১২ ঘণ্টা অভিযান চালিয়ে ৩০ জন মা-ইলিশ শিকারি ও সাড়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং সাতটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

আট জেলের কারাদণ্ড

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা জানান, তেঁতুলিয়া নদী থেকে ইলিশ শিকার করার অপরাধে মঙ্গলবার আটক আট জেলেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালী। মঙ্গলবার ভোরে তাদের তেঁতুলিয়া নদীর চর মিয়াজান পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়। এ সময় ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

১২ জেলেকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নিষেধাজ্ঞা  অমান্য করে নবীনগর উপজেলার মেঘনা নদী থেকে ইলিশ ধরায় ১২ জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান এ জরিমানা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা, নবীনগর থানা এবং সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।