রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষদভিত্তিক ‘সেরা গবেষণা প্রকাশনা’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গবেষণা ও সম্প্রাসরণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রণজিত্ কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িত্ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় হলো উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্রবিন্দু। গবেষণা কাজের মাধ্যমে এই জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা সম্ভব।
