স্টাফ রিপোর্টার, রাজশাহী
পুঠিয়ার নওপাড়া গ্রাম থেকে ওহির বক্স (৫০) নামে এক গরু ব্যবসায়ীর পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঐ গ্রামের একটি আম বাগান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ওহির বক্স সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে তার লাশটি পাওয়া যায়। তার দুই পায়ের রগ কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
