আবার টানা ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। একইসঙ্গে শেয়ারবাজারে লেনদেনের গতিও বেড়েছে। আর গত তিন দিন বাজার ঊর্ধ্বমুখী থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন প্রায় হাজার কোটি টাকার ওপরে উঠে এসেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশন গঠন হওয়ার পর থেকে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে গত কয়েক সপ্তাহ ধরে মাঝেমধ্যেই শেয়ারবাজারের সূচক ও লেনদেন কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত তিন দিন ধরে আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার। গতকাল লেনদেনের শুরুতে বড় উত্থান হলেও শেষদিকে এসে অনেক কোম্পানির দরপতন হয়। ফলে দিনের শুরুতে বড় উত্থানের আশা করা হলেও তা ঘটেনি। দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় চার পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে। সবগুলো সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৯টি এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৮৪ কোটি ১৪ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৯১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের। কোম্পানিটির ৩৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৩৬ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৭৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— রূপালী ইনসিওরেন্স, পিপলস ইনসিওরেন্স, রিপাবলিক ইনসিওরেন্স, বেক্সিমকো, এস এস স্টিল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও সোনার বাংলা ইনসিওরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯২টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।