ইত্তেফাক রিপোর্ট
গত (২০১৯-২০) অর্থবছরে রপ্তানির ভর্তুকি ও নগদ সহায়তা পেতে ৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনার কারণে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নগদ সহায়তার জন্য আবেদন করতে পারেননি। তাই পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকারি সিদ্ধান্তক্রমে এ সময় বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বৈদেশিক লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় কেবলমাত্র ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি ভর্তুকি/নগদ সহায়তার দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে নিম্নরূপ নির্দেশনা প্রযোজ্য হবে : অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে যেসব রপ্তানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদনপত্র দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র দাখিল করা যাবে।
