দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের অপরাধে দোহারের ১৮ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিন জনকে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেন।
জানা যায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার নারিশা, মধুরচর ও মৈনটঘাটসংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আটককৃত কাশেম মিয়া, তারা মিয়া, আব্দুর রশীদ, মুসলেম বেপারী, জাহাঙ্গীর মিয়া, হারুন মিয়া, শহিদ হাওলাদার, আসাদ হোসেন, আব্দুল করিম ও খোকন ফকিরকে এক বছর করে এবং ফয়জল মোল্লা, বাদল মিয়া, ফারুক মিয়া, সজিব বেপারী ও বাবুল শিকদারকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সালাম মোল্লা, দুলাল শেখ ও সেকেন্দার হাওলাদারকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই দিন উপজেলা মত্স্য কর্মকর্তা মোসাম্মত্ লুত্ফুন্নাহারের উপস্থিতিতে জব্দকৃত প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল মৈনটঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন দোহার কুতুবপুর নৌ-পুলিশ।
