চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:১৩

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস এবং নদীপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক নবী আলম জানান, মধ্যরাত থেকে নৌযান কর্মবিরতি শুরু হয়েছে। বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার ভেসেলে পণ্য নামানো বন্ধ রয়েছে। বহির্নোঙরে পণ্য নিয়ে আসা অর্ধশতাধিক মাদার ভেসেলে বা বড় জাহাজ অপেক্ষমাণ রয়েছে। নদীপথে পণ্যবাহী কোনো নৌযান চলাচল করছে না। শুধু যাত্রীবাহী নৌযান কর্মবিরতির বাইরে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বহির্নোঙরে লাইটার জাহাজ চলাচল না করলেও বন্দর থেকে লরি, ট্রাক, কাভার্ড ভ্যানে পণ্য ও কনটেইনার ডেলিভারি স্বাভাবিক রয়েছে।

খুলনা অফিস জানায়, ধর্মঘটের সমর্থনে গতকাল সকালে নগরীর বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন নৌযান শ্রমিকরা। খুলনা অঞ্চলের সব রুটে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ  নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠনের ডাকে এ ধর্মঘট চলছে। এদিকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দেশব্যাপী নৌযান ধর্মঘটের অংশ হিসেবে খুলনা অঞ্চলের সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তিনি জানান।