এক দিনে চার বিভাগে মৃত্যু শূন্য

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:৩১

বিশেষ প্রতিনিধি

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের, এক জন খুলনা বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা। বাকি চার বিভাগ রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৬৯৯ জনের মধ্যে ৪ হাজার ৩৮৫ জনই পুরুষ এবং ১ হাজার ৩১৪ জন নারী। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক        ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৩৮০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭ হাজার ১৪১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১০টি ল্যাবে ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী চার জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্য এবং দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।