রাঙ্গামাটি প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার বাঘাইছড়িতে জনসংহতি সমিতি (জেএসএস)-এর দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জেএসএস এম এন লারমা গ্রুপের রতন চাকমা নামে একজন নিহত হয়েছেন। নিহত রতন জেএসএস (এম এন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ির বাবুপাড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর পর বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাইছড়ির বাবুপাড়ায় দীর্ঘদিন ধরে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। গতকাল দুপুরে জেএসএস (সন্তু) ও জেএসএস (এম এন লারমা) গ্রুপের বন্দুকযুদ্ধে রতন চাকমা নিহত হন।
