মহাখালী ও আজমপুরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:১৬

রাজধানীর মহাখালী ও আজমপুরে রেলের লেভেল ক্রসিংয়ে মঙ্গলবার সন্ধ্যায় কাটা পড়ে দুই জন মারা গেছেন। মহাখালীতে দুই ট্রেনের ক্রসিংয়ে সময় রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে মিল্টন কুমার মিত্র (৩৫) মারা যান। তিনি মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক ছিলেন। আজমপুর মেম্বারবাড়ি লেভেল ক্রসিংয়ে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তি মারা যান।

ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মিল্টন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অফিস থেকে বাসার উদ্দেশে বের হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মিল্টন মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। সে সময় দুদিক থেকে দুটি ট্রেন আসছিল। একটি ট্রেনের ধাক্কায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এএসআই হেদায়েত বলেন, আজমপুর মেম্বারবাড়িতে এলাকায় রেলে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান অজ্ঞাতনামা ঐ ব্যক্তি। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।