বঙ্গোপসাগরে নৌ-মহড়ায় ভারত যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে অংশ নেবে অস্ট্রেলিয়াও

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:১৭

বঙ্গোপসাগর ও আরব সাগরে আগামী মাসে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়াও। গতকাল সিএনএন ও আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এই সামরিক মহড়া চীনকে বিচলিত করতে পারে। কারণ এই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকায় উদ্বিগ্ন ‘চার দেশের কোয়ারর্টেট’ মালাবার নৌ মহড়া করতে চলেছে। এই তথাকথিত জোট চীনের প্রভাব ঠেকানোর চেষ্টা করছে।

সোমবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেন, এই মহড়া উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের পক্ষে আমাদের সমন্বিত প্রচেষ্টা ও সহায়তার প্রদর্শন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে। এই অঞ্চলটি ইন্দো-চীন কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। গত কয়েক দশক ধরে মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশে তাত্পর্যপূর্ণ প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে বেইজিং। আর এই তত্পরতায় উদ্বিগ্ন নয়াদিল্লি।

চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আর ভারতের সামরিক উত্তেজনার মধ্যেই এই সামরিক মহড়া হতে চলেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এই মহড়া চার গণতান্ত্রিক দেশের সঙ্গে সামরিক সম্পর্ক জোরালো করবে বলে আশা করা হচ্ছে।