দুর্নীতির মামলায় ডিআইজি মিজানসহ চার জনের বিচার শুরু

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:১৭

দুর্নীতির মামলায় ডিআইজি মিজানুর রহমান মিজানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে ২৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার-৬ নম্বর বিশেষ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন—ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান।

দুদকের আইনজীবী মীর আহাম্মেদ আলী সালাম বলেন, ঘুষ কেলেঙ্কারির মামলায় এর আগে ডিআইজি মিজানের বিচার শুরু হয়েছে। মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। ডিআইজি মিজান এবং মাহমুদুল হাসান কারাগারে রয়েছেন। গতকাল শুনানির আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে আসামিপক্ষের এহসানুল হক সমজী, শাহিনুর রহমান আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করলে বিচারক তা নাকচ করে দেন। পরে আসামিদের অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। ডিআইজি মিজানের স্ত্রী রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।