রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান চাপায় ট্রাফিকের টিএসআই মো. বাবুল শেখ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কলাপট্টির উত্তরা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক রাত ১১টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নিহত বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কলাপট্টিতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পাবনার বেড়া উপজেলা বকচর গ্রামে তার বাড়ি। শনির আখড়ার সামাদনগরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
