আটক সেনাকে চীনের কাছে হস্তান্তর করলো ভারত    

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৮:৫৬

  প্রতিশ্রুতি অনুযায়ী আটক হওয়া চীনা সেনাকে চীনের কাছে হস্তান্তর করেছে ভারত।  মঙ্গলবার রাতে ঐ সেনা সদস্যকে চীনের সেনাবাহিনীর কাছে হস্তান্ত করা হয়। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

এর আগে সোমবার সকালে ভারতের লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনাকে আটক করে ভারতীয় বাহিনী।  প্রাথমিক ভাবে ভারতীয় সেনা সোমবারেই জানায়, ভারতীয় সীমানায় ঢুকে পড়া ও চীনা সেনার নাম ওয়াং ইয়া লং। তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে বলে দাবিও করে ভারতীয় সেনারা। তবে বলা হয়, খুব সম্ভবত অনিচ্ছাকৃত ভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি।  

সেনা সদস্যকে আটকের পরই চীনের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয়। ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা ভারতের কাছে জানতে চায় চীন। এর জবাবে ভারত জানায়, “প্রোটোকল মেনে চুশূল-মোল্ডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আটক সেনাকে চীনের হাতে তুলে দেওয়া হবে।”    

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে । গত কয়েকমাসের সীমান্ত উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক করেছে দুই দেশ।কিন্তু এখনও পর্যন্ত সীমান্ত সমস্যা পুরোপুরি মেটানো সম্ভবপর হয়নি। 

ইত্তেফাক/এআর