চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর-এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, লোহাগাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নুরুছফা, আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এস.এম. ইউনুচ ও আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নাজিম উদ্দিন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু মাইকে ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার উক্ত তিন ইউনিয়নে ২৮ টি ভোট কেন্দ্রের ২০৩টি টি বুথে ভোটগ্রহণ চলে। লোহাগাড়া সদর ইউনিয়নে ১০টি, আমিরাবাদ ইউনিয়নে ৯টি ও আধুনগর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে লোহাগাড়া সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুছফা নৌকা প্রতীকে ৯ হাজার ২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাব উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট। আমিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস. এম ইউনুচ নৌকা প্রতীকে ১১হাজার ১৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭০ ভোট। আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নাজিম উদ্দিন আনারস প্রতীকে ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব মিয়া টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৩ ভোট।
ইত্তেফাক/এমআর
