শখ

পোস্টকার্ডে বাংলাদেশের পাহাড়

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৮:৪৪

 

ভিউকার্ডের নতুন সংস্করণ হলো পিকচার পোস্টকার্ড। এতে দেশ-বিদেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, ব্যক্তিত্ব ইত্যাদি স্থান পেয়ে থাকে। অনেকটা ডাকটিকিটের মতো ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ডাকটিকিট প্রদর্শনীতে পিকচার পোস্টকার্ডের জন্য একটা আলাদা গ্রুপ থাকে। আমাদের দেশেও এটা অন্তর্ভুক্ত হয়েছে এবং এজন্য পিকচার পোস্টকার্ডের সংগ্রাহকের সংখ্যা বাড়ছে। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে ডাকটিকিট সংগ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) বাংলাদেশের দর্শনীয় ও উল্লেখযোগ্য ছয়টি পাহাড়ের ছবি দিয়ে ছয়টি পিকচার পোস্টকার্ড প্রকাশ করেছে—

সাকা হাফং

বান্দরবান জেলার থানচি উপজেলায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে এর অবস্থান। এ পাহাড়কে বেসরকারিভাবে বাংলাদেশের শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এই পাহাড় ‘মদক তং’ বা ‘মোদক তুয়াং’ নামেও পরিচিত। কেওক্রাডংকে দেশের শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে বিবেচনা করা হলেও ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থসহ বিভিন্ন অভিযাত্রীর জিপিএস রিডিংয়ের মাধ্যমে এখন সাকা হাফং-ই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। উচ্চতা ৩৪৬৫ ফুট। পোস্টকার্ডে ব্যবহূত ছবি তুলেছেন সংশপ্তক অভিযাত্রী।

ঝো তং

বান্দরবান জেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থিত এই পাহাড় ‘মোদক মুয়াল’ নামেও পরিচিত। একে বেসরকারিভাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। উচ্চতা ৩৩৫৩ ফুট। পোস্টকার্ডে স্থান পাওয়া ছবিটি তুলেছেন সংশপ্তক অভিযাত্রী।

দুমলং

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ-ভারতের মিজোরাম সীমান্তের ডানদিকে দুমলং পাহাড়। বেসরকারিভাবে একে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড় হিসেবে বিবেচনা করা হয়। উচ্চতা ৩৩১৪ ফুট। পোস্টকার্ডে স্থান পাওয়া ছবিটি তুলেছেন বিডি এক্সপ্লোরারের ফাহিম হাসান।

তিনমুখ পিলার

এটি একটি সীমানা খুঁটি, যার গায়ে লেখা রয়েছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় এর অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র সীমানা পিলার যা তিন দেশের সীমানা নির্ধারণ করেছে। রাঙ্গামাটিতে হলেও বান্দরবান জেলার রুমা উপজেলা হয়ে এই স্থানে যাওয়া সহজ। উচ্চতা ২৯১২ ফুট। পোস্টকার্ডে স্থান পাওয়া ছবিটি তুলেছেন ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি)-এর আইটি সম্পাদক মুহাম্মদ আশরাফ সিদ্দিকী রিজভী।

রুংরাং তাং

বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পাহাড়। এ পাহাড় বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। রুংরাং অর্থ ধনেশ পাখি আর তাং অর্থ পাহাড়। উচ্চতা ২৮১৯ ফুট।

কির্স তং

বান্দরবান জেলার আলীকদম উপজেলার চিম্বুক রেঞ্জে অবস্থিত। কির্স তং নামটি মারমা শব্দ থেকে এসেছে।  কির্স বিলুপ্তপ্রায় একটি পাখির নাম। পাখিগুলো কির্স তং পাহাড়ের চূড়াতেই দেখা যায়। আর তং অর্থ পাহাড়। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হিসেবে বিবেচিত। উচ্চতা ২৯৭০ ফুট। পোস্টকার্ডে স্থান পাওয়া ছবিটিও তুলেছেন ফাহিম হাসান।

ছয়টি পোস্টকার্ডের ডিজাইন করেছেন মুহাম্মদ আশরাফ সিদ্দিকী রিজভী।