এ্যাপোলো ইস্পাতের দুই পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:৪৮

ইত্তেফাক রিপোর্ট

পূর্বঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় এ্যাপোলো ইস্পাতের দুই পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪৫তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল (মনোনীত পরিচালক মমতাজুর রহমান) ও জুপিটার বিজনেস (মনোনীত পরিচালক মসফিকুর রহমান) পূর্বঘোষণা ছাড়া যথাক্রমে ৮ লাখ ৮৮ হাজার এবং ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে। এই অপরাধে উভয়কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।