নীরবতা ভেঙে দর্শকের সামনে শাহরুখ

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৩৮

২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির পর বলিউড বাদশা শাহরুখ খানকে আর কোন ছবিতেই দেখা যায়নি। দফায় দফায় পর্দায় আসার গুঞ্জন চললেও মঙ্গলবার হঠাৎই নিজের একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে দর্শকদের চমকে দিলেন এই সুপারস্টার।

মূলত কলকাতা নাইট রাইডার্সের নতুন ফ্যান অ্যানথেমের জন্যই একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে শাহরুখকে। গানটির নাম ‘লাফাও’। যা কম্পোজ করেছেন র‍্যাপার বাদশাহ।

নতুন হেয়ারস্টাইল ও হুডিতে ‘তু ফ্যান নেহি, তুফান হ্যায়’- মিউজিক ভিডিওতে এমন বুলি আওড়াতেই দেখা গেছে কেকেআর এর কর্ণধার শাহরুখকে। গানটিতে আরো দেখা যায় কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটার দীনেশ কার্তিক থেকে শুরু করে আন্দ্রে রাসেল ছাড়াও আরও অনেক প্লেয়ারকেই। সেই সাথে দেখা গিয়েছে নাইট রাইডার্সদের অগণিত ভক্তকূলকে।
 
আইপিএল এর কারণে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন শাহরুখ খান। ধারণা করা হচ্ছে, আইপিএল এর পরেই এই সুপারস্টার তার পরবর্তী প্রজেক্ট নিয়ে পর্দায় হাজির হবেন।

ইত্তেফাক/বিএএফ