মেসির আলোয় ফেরার রাত

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৯

ইউনাইটেডের কাছে আবারও হার নেইমারদের

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। তবে, বড় ব্যাপার হলো আবারও মাঠের জাদুতে আলোচিত হয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ন্যু ক্যাম্পে ৫-১ গোলে জিতেছে শেষের দিকে বড় একটা সময় ১০ জন নিয়ে খেলা বার্সেলোনা। মেসি গোল করেছেন এবং গোলের জোগানও দিয়েছেন। গ্রুপের অন্য ম্যাচে আলভারো মোরাতার জোড়া গোলে ডায়নামো কিয়েভের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে জুভেন্তাস।

মেসিদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কোচ রোনাল্ড কোম্যান। তিনি ম্যাচ শেষে বলেন, ‘সব মিলে আমি খুশি। অনেক সময় আমরা খুব ভালো ফুটবল খেলি, আবার কখনো কখনো খুব সাদামাটা। বার্সার গোলদাতা নিয়ে কোনো সন্দেহ থাকলেও তা অনেকটাই মিলিয়ে গেছে এখন। আমরা দেখিয়েছি যে আমাদের দারুণ সব খেলোয়াড় আছে। দুর্দান্ত লিওনেল মেসিকে দেখেছি; যে দুই গোলে সহায়তাও করেছে। খুশি মনে আমরা ফিরে যাচ্ছি নিজেদের হারানো জায়গায়।’ ম্যাচের ৬৮তম মিনিটে নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন জেরার্ড পিকে। কোচ মনে করেন শাস্তিটা বেশি হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা একজন কম নিয়ে খেলায় অভ্যস্ত হচ্ছি। তবে, শাস্তিটা বেশিই হয়ে গেছে। ফাউল হলে, পেনাল্টি ও হলুদ কার্ড হতে পারত। রেফারি কেন লাল কার্ড দেখাল, সেটা বোধগম্য নয়। তবে আমাদের এটা মেনে নিতেই হবে।’ আগামী ২৮ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জুভেন্তাসের মুখোমুখি হবে পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর আগে আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি।

একই রাতের অপর খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আবারও হেরেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথম দেখায় নিজেদের মাঠে আবারও হারল পিএসজি। সেবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জয়ের পর ফরাসি ক্লাবটি নিজেদের মাঠে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে আরবি লিপজিগ ২-০ গোলে হারায় ইস্তানবুল বাসাকসেহিরকে। অমীমাংসিতভাবে শেষ হলো চেলসি ও সেভিয়ার লড়াই। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের সঙ্গে ১-১ ড্র করে ফরাসি ক্লাব রেনেস।

এক নজরে

জেনিথ                    ১-২    ক্লাব ব্রুগ

ডায়নাভো কিয়েভ     ০-২    জুভেন্তাস

চেলসি                    ০-০    সেভিয়া

রেনেস                    ১-১    ক্রাসনোদার

ল্যাজিও                  ৩-১    বরুশিয়া ডর্টমুন্ড

বার্সেলোনা              ৫-১    ফেরেঙ্কভারোস

পিএসজি                 ১-২    ম্যানচেস্টার ইউনাইটেড

আরবি লিপজিগ        ২-০    ইস্তানবুল বাসাকসেহির