অনূর্ধ্ব-১৯ :আগামী মাসেই আবার ক্যাম্প

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:১২

স্পোর্টস রিপোর্টার

কিছু খেলোয়াড়ের করোনা সংক্রমণ ও এশিয়া কাপ স্থগিত; দুই মিলিয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করছে নভেম্বরেই তারা আবার ক্যাম্প শুরু করতে পারবে।

আগামী বছর ইংল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে যুব দল। আগস্টে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রতিটা দল প্রতিটা দলের সঙ্গে তিন বার করে খেলবে। বড় এই টুর্নামেন্টটাই এখন বাংলাদেশ যুব দলের সামনে একমাত্র টুর্নামেন্ট।

বাংলাদেশ দলের সামনে অভিযান ছিল যুব এশিয়া কাপ। কিন্তু সেটা আনুষ্ঠানিক স্থগিত করা হয়েছে। আর এ জন্যই মূলত বাংলাদেশ দলের ক্যাম্প স্থগিত করা হয়েছে বলে বলছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাওসার, ‘স্বাস্থ্যগত কিছু সমস্যা আছে। তবে মূলত এশিয়া কাপ স্থগিত হওয়াতেই আমরা আপাতত ক্যাম্পটা স্থগিত রেখেছি। সব ঠিক থাকলে নভেম্বরেই আবার ক্যাম্প শুরু করব আমরা।’