বিএনপির অপকৌশলে ভোটার উপস্থিতি কম :কাদের

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:৩৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপিকে দায়ী করে বলেছেন, উপনির্বাচনে যেহেতু সরকার পরিবর্তনের বিষয় নেই, তাই জাতীয় নির্বাচনের মতো ভোটার উপস্থিতি ঘটে না। অনেকে করোনার কারণেও আসে না। এছাড়া ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলও কাজ করে। নির্বাচনের আগের দিন পর্যন্ত সক্রিয় থেকে দুই-একটি ঘটনা ঘটিয়ে ভোটের দিন নির্বাচনি প্রক্রিয়া থেকে বিএনপি উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। এমন পরিস্থিতি সৃষ্টি করে যে, তাদের ভোটারও কেন্দ্রে আসে না। গতকাল বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বের ওপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে। ‘নির্বাচনের দিন ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না আসে             সেজন্য তারা ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ভোট বর্জনের নাটক করে।  নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপকৌশল জনগণ ধরে ফেলেছে। এজন্য এজেন্ট দেওয়ার লোকও তারা এখন খুঁজে পায় না। উলটো দোষ চাপায় এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছেন। আমি বিএনপিকে তাদের সময়ের স্থানীয় সরকার নির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই। সে সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলাতে ঘটেছে অসংখ্য জীবনহানির ঘটনা।’ ওবায়দুল কাদের বলেন, ‘এখন নেই নির্বাচনি সংঘাত। দুই-একটি সংঘাত ছাড়া সারাদেশেই নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ এবং পাবনায় উল্লেখযোগ্যসংখ্যক ভোটার উপস্থিতি ছিল। তারা (বিএনপি) ঢাকা-৫-এর কথা বলে, কিন্তু মঙ্গলবার সারাদেশে বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির কথা বলে না।’