দেশে করোনা ভাইরাসে এক দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জন মারা গেছেন। মঙ্গলবার মারা যান ১৮ জন। দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ১২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ২২ লাখ ৬ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯১ জনের। দেশের ১১০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৬ জনের। মঙ্গলবার নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৬১১ জনের।’ গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৫ জন। তাদের ২৩ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, আট জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্য, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। ১৭ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, এক জন করে মোট দুই জন খুলনা ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
