বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন বসছে ৮ নভেম্বর

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:৩৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাধারণ হিসাবে এটি হবে চলতি একাদশ সংসদের দশম অধিবেশন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে মুজিববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি গতকাল বুধবার এই অধিবেশন ডাকেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অধিবেশন চলতে পারে। জাতীয় সংসদের স্পিকার      ড. শিরীন শারমিন চৌধুরী ইত্তেফাককে বলেন, করোনার মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ইতিমধ্যে আমরা তিনটি অধিবেশন সম্পন্ন করেছি। একইভাবে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ অধিবেশনটি বসবে। সংসদ সদস্যদের মধ্যে যারা অসুস্থ, তাদের অধিবেশনে যোগ দিতে নিরুত্সাহিত করা হবে। অন্য সদস্যদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। যাদের ফল নেগেটিভ আসবে, তারা অধিবেশনে যোগ দেবেন।

স্পিকার জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বসতে যাওয়া বিশেষ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। প্রথম দিন করোনা নেগেটিভ থাকা সব সংসদ সদস্য অধিবেশনে যোগ দিতে পারবেন। এরপর আগের তিনটি অধিবেশনের মতো সদস্যরা পালা করে অংশ নেবেন। শিরীন শারমিন জানান, করোনার কারণে বিশেষ অধিবেশনে বিদেশি কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে গত ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরে তা স্থগিত করা হয়। মার্চে অধিবেশন স্থগিত করার আগে বিশেষ ঐ অধিবেশনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিয়েছিল সংসদ সচিবালয়।

এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্যরাও পালাক্রমে সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ করছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করবেন  তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এছাড়া নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদ্যাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংসদ সচিবালয়।