ভুল চিকিত্সায় দুই প্রসূতির মৃত্যু

বাউফলে চিকিত্সক দম্পতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:৪০

বাউফলে ভুল চিকিত্সায় দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিত্সক দম্পতিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পটুয়াখালীর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম এ নির্দেশ দেন। ঐ চিকিত্সক দম্পতি হলেন ডা. নয়ন সরকার ও ডা. পূজা ভান্ডারী।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, ডা. নয়ন সরকারকে করোনাকালীন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়োগ দেওয়া হলেও তিনি ও তার স্ত্রী ডা. পূজা ভান্ডারী বাউফলের বিভিন্ন ক্লিনিকে অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়া দিয়ে আসছেন।

গত রবিবার কালিশুরী মাজেদা মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হ্যাপী বেগম (২৪) নামে এক প্রসূতির সিজার করার পরে ঐ দিন ভোরে তিনি মারা যান। এর আগে ১৪ সেপ্টেম্বর ঐ দম্পতি শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রিপা রানী নামে আরেক প্রসূতির অস্ত্রোপচার করার পর তিনিও মারা যান।

ডা. মোহাম্মদ জাহাংগীর আলম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং আগামী ২৪ অক্টোবর তাদের চিকিত্সা সনদ ও সিজার এবং অ্যানেসথেসিয়া দেওয়ার বৈধতার সব সনদসহ সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও একই দিন সেবা ও মাজেদা মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের ভর্তির রেজিস্ট্রার, সংশ্লিষ্ট কাগজপত্রসহ এবং অপারেশনকারী সার্জন ও অ্যানেসথেসিয়ার চিকিত্সককে (মেডিক্যাল টিম) জেলা সিভিল সার্জনের কার্যালয়ে  উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে।