আজ মহাষষ্ঠীতে শুরু হলো পূজা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:৪১

ধূপ-ধুনচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এই নির্ঘণ্ট মেনে দেশের পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। পঞ্জিকার সূচি অনুযায়ী, রাত ৯টা ৫৭ মিনিট অবধি তিথি থাকবে। আগামীকাল মহাসপ্তমী।

এদিকে চলমান করোনা পরিস্থিতির কারণে সন্ধ্যা আরতি বা সন্ধ্যার পর সর্বসাধারণের জন্য দুর্গাপূজার মন্দির, পূজামণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। সর্বস্তরের কমিটির নেতাদের এ বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ              জানিয়েছে পূজা উদ্যাপন পরিষদ। গতকাল বুধবার পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যার পর এবার পূজামণ্ডপ ঘুরে দেখা কিংবা আরতি করা থেকে বিরত থাকবেন হিন্দুধর্মাবলম্বীরা। সন্ধ্যা আরতির পর সর্বসাধারণের জন্য মন্দির/মণ্ডপ বন্ধ রাখুন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। সেখানে সংগঠনটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল জানিয়েছেন, ঢাকা মহানগরীতে এবার ২৩২টি দুর্গাপূজা হবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাত ৯টা পর্যন্ত পূজামণ্ডপ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়, সন্ধ্যা আরতির পর পূজামণ্ডপ বন্ধ থাকবে। মহামারির কারণে অষ্টমী তিথিতে এবার রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারীপূজা হবে না। মণ্ডপে প্রসাদ বিতরণও নিষিদ্ধ করা হয়েছে। পূজা উদ্যাপন পরিষদ করোনার কারণে বিশেষ পরিস্থিতিতে এ বছর  ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা করা, জনসমাগম না করা, মন্দির কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা, মন্দিরের প্রবেশদ্বারে সবার জন্য সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটেশনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর শুভ মহালয়ায় পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষের শুভ সূচনা হলেও এ বছরের আশ্বিন মাস ‘মল মাস’ হওয়ায় দেবীপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়নি। ফলে প্রায় এক মাস পাঁচ দিন পর হেমন্তের কার্তিকে আজ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এবার দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।