ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভুঁইয়াকে কারা-গারেই থাকতে হবে। দুদকের দায়েরকৃত অবৈধ সম্পদের দুইটি মামলায় তাদের জামিন প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, এনু ও রূপনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগ তার সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন তারা। তাদের আয়কর নথিতে এই সম্পদের কোনো হিসাব দেখানো হয়নি। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযানে তারা গ্রেফতার হয়েছেন। বর্তমানে মামলা দুইটির তদন্ত চলমান।
এই অবস্থায় জামিন দেওয়া হলে তারা তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। এ কারণে জামিন আবেদন দুইটি খারিজ করা হলো। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, এনু-রুপনের পক্ষে সৈয়দ মামুন মাহবুব, দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
