বর্ষীয়ান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রক্তস্বল্পতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন স্বনামধন্য এই আইনজীবী।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ব্যারিস্টার রফিক-উল-হকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। তাত্ক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিত্সা দেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার ব্যারিস্টার রফিককে হাসপাতালে ভর্তি করা হয়। ঐ সময় তার রক্তশূন্যতা দেখা দেয়।
আলোচিত বিভিন্ন মামলা পরিচালনার কারণে জনপ্রিয় মুখ এই আইনজীবী। ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ আনা হয়। ঐ সময় তিনি তাদের দুই জনেরই পরামর্শক ছিলেন।
