মাধবপুরে ১৪৯টি শহীদ মিনার উদ্বোধন করলেন পর্যটন প্রতিমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:৫৪

মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী । 

বুধবার (২১ অক্টোবর) বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের রক্ষিত শহীদ মিনারের ছবির মোড়ক উন্মোচন করে এক সাথে সকল শহীদ মিনার উদ্বোধন করেন। 

আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এফ. এ. এম. শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার ,চেয়ারম্যান ফারুক পাঠান, মুক্তিযোদ্ধা সুকুমল রায়, প্রেসক্লাব সম্পাদক সাব্বির আহসান, শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা দীজেন্দ্র আচার্য প্রমুখ। 

আরো পড়ুনঃ নীরবতা ভেঙে দর্শকের সামনে শাহরুখ

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, মাধবপুর উপজেলায় একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মৃতি স্মারক শহীদ মিনার নির্মাণ দেশের অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় বিষয় হবে। প্রাথমিক বিদ্যালয়ে এ সকল শহীদ মিনার নতুন প্রজন্মের শিশুরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জ্ঞান লাভে সহায়ক হবে। তারা জানতে চাইবে কারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কি করে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হয়েছে। জানতে পারবে বাংলা ভাষার জন্য কারা শহীদ হয়েছিলেন। 

পরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ মাঠে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং মাধবপুরে ১২০ পূজা মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেন। 

ইত্তেফাক/এমএএম